প্রতিনিধি: মোঃ শাহিন খান্দাকার
নেত্রকোণার পূর্বধলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে হাইকোর্টের আদেশে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাইকোর্ট বিভাগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে পৃথক তিনটি আদেশ জারি করা হয়। এতে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।
পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন উপজেলার ৫ নম্বর ধলামুলগাঁও ইউনিয়নের মো. রেজুয়ানুর রহমান, ৯ নম্বর খলিশাউড় ইউনিয়নের কমল কৃষ্ণ সরকার এবং ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের মো. আব্দুল কুদ্দুছ বেপারী।
জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফুল ইসলাম সরদার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা ও হাইকোর্টের রায়ের আলোকে তাঁদের স্বপদে বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।
পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পুনর্বহালের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ